বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস

শাকিব খানের সঙ্গে জুটি ভাঙার পর থেকে সিনেমায় নিয়মিত নন অপু বিশ্বাস। কিছু দিন পরপর তাকে নতুন সিনেমার শুটিং থেকে বিরতি টানতে হয়। দুই বছরের বিরতি ভেঙে তিনি আবারও নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত হলেন।

অপুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্র্যাপ’। দীন ইসলাম পরিচালিত ত্রিলারধর্মী সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায়। বর্তমানে অভিনেত্রী ‘শিকার’ শিরোনামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক মুরতজা পলাশ। সম্প্রতি হিমালয়ের দেশ নেপালে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে এটির। তবে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও জানানো হয়নি।

‘শিকার’নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘‘সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। নির্মাতার কাছে এটির গল্প শুনে তাই রাজি হয়েছি। এই সিনেমার মাধ্যমে আমি একজন নতুন নায়কের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটি নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’

‘শিকার’-এর পাশাপাশি অপুর হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নামে আরও দুটি সিনেমা। ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ, এতে তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’-এ তার বিপরীতে আছেন আদর আজাদ।