বড়পর্দায় এক সঙ্গে ফিরছেন ৯০ দশকের জনপ্রিয় তিন নায়ক বাপ্পারাজ, ওমর সানী ও আমিন খান। তাদের সঙ্গে আরও দেখা যাবে আশি ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনাকে।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমায় তারা অভিনয় করছেন।
চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় সিনেমাটির। সে সময় মহরতে উপস্থিত ছিলেন ওমর সানী, আমিন খান ও রোজিনা।
এবার পরিচালক ইকবাল জানলেন, বাপ্পারাজের চুক্তিবদ্ধ হওয়ার খবরটি। অভিনেতা নিজেও গণমাধ্যমে এটি নিশ্চিত করেন।
বাপ্পারাজ বলেন, ‘‘‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। গল্পের জন্যই এ সিনেমাতে যুক্ত হয়েছি। নির্মাতা ইকবালের কাছ থেকে গল্পটা শুনে ভালো লেগেছে। এখন তো মনের মত গল্প পাওয়া যায় না, তাই সিনেমায় আমাকে দেখা যায় না।’
এদিকে এই সিনেমা দিয়ে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের বাংলাদেশি সিনেমার যাত্রা শুরু হচ্ছে।
‘গুলশানের চামেলি’ সিনেমাটি মূলত রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত হচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর শিকদার।
নির্মাতা মোহাম্মদ ইকবাল বলেন, ‘সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে । আগামী বছরের যে কোনও ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।’