বৃহস্পতিবার (১ অক্টোবর) শাকিব খানের নতুন সিনেমার নাম ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিং খানের ‘মহব্বত’ সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মহব্বত’ সিনেমার পোস্টারে দেখা যায়, কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে এক নারী। পুরুষের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, পরনে কালো লম্বা কোট। তবে কে এই নারী সেটা পোস্টারে উল্লেখ করা হয়নি।
সিনেমাটির নাম ঘোষণার পর সামাজিক মাধ্যমে নায়িকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, ভারতের পর এবারের সিনেমায় শাকিবের বিপরীতে পাকিস্তানের কোনও জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘মহব্বত’–এর নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর–ই–ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলেও জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি।
এ সিনেমার পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে এখন কিছু বলতে চাইছেন না। তারা শুধু এটুকু জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে কে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে নায়িকা হবেন, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’–এর শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে।
শাকিবকে নিয়ে হিমেল আশরাফ–আরশাদ আদনানের এটি তৃতীয় সিনেমা। তাদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ ও দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’।