বলিউড অভিনেতা সালমান খান প্রিয় তারকা অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনীর। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। শৈশব থেকেই এই নায়কের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতেন তিনি।
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিয় নায়কের সঙ্গে দুটি ছবি পোস্ট করলেন চাঁদনী। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার সাল্লুর সঙ্গে। যারা আমার সাক্ষাৎকার দেখে বলেছিলেন, ‘চাপা’, এই ছবি তাদের জন্য।’
চাঁদনী বলেন, ১৯৯৭–৯৮ সালের দিকে একবার বাংলাদেশে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল সালমান খানের। এ কথা শোনার সঙ্গে সঙ্গে টিকিট কাটি। কিন্তু পরে শুনি, কোনো একটি কারণে অনুষ্ঠানটি হবে না। সে সময় খুব মন খারাপ হয়েছিল।’
তিনি জানান, এরপর সুযোগ খুঁজতে থাকেন কীভাবে সালমানের সঙ্গে দেখা করা যায়। কিছুদিন পর জানতে পারেন, তার পছন্দের নায়ক বাংলাদেশে এসেছেন। তিনি রয়েছেন শেরাটন হোটেলে (বর্তমান নাম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা)।
পরে চলে যান শেরাটনে সালমান খানের সঙ্গে দেখা করতে। প্রথমে সুযোগ না মিললেও পরে সুযোগ পান প্রবেশ করার। চাঁদনী বলেন, ‘নানাভাবে সুযোগটা করে নিতে হয়েছিল। পরে রুমের ঠিকানা পাই। সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম আর আমাদের ফটোগ্রাফার মহসিন ভাই ছিলেন। গিয়ে দেখি, সালমান খান একাই রুমে রয়েছেন। অনুমতি নিয়ে তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াই।’
সেই সময়ে চাঁদনী স্কুলে পড়েন। তার নাম ও পরিচয় দেন। পরে সালমান খানকে বলেন, ছবি ওঠাবেন। সেই সময়ের স্মৃতি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি সেদিন সালমান খানের হাত ধরে ছিলাম। যত সময় ছিলাম, পুরো সময়েই হাত ধরে ছিলাম। তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন। পরে অটোগ্রাফে লিখলেন, ‘চাঁদনী, ফর ইয়োর সালমান।’
তিনি আরও বলেন, ‘এ লেখা আর তার জিজ্ঞাসা করার সময়টা এখনও আমার চোখের সামনে ভাসে। তিনি একটু লাজুক টাইপের ছিলেন। নাম জিজ্ঞাসা করার সময়ে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। সেই চাহনি এখনও আমার মনে আছে।’
সালমানকে নিয়ে একটি মজার অভিজ্ঞতা ভাগাভাগি করে চাঁদনী বলেন, ‘আমি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পুরো সময় তাকে ধরে ছিলাম। হ্যান্ডশেক করেছিলাম। পরে বাসায় এসে ৭ দিন ওই হাতই ধুইনি। এটা আসলে কিশোর মনের একটা পাগলামি ছিল। ক্রেজি ফ্যান বলতে যা বোঝায়। আমি তাকে এতটাই পছন্দ করতাম যে আমার বাসায়, আমার রুমের অনেক স্থানে তাঁর ছবি টাঙিয়ে রাখতাম। বাচ্চাকালে কত কিছু করেছি।’
১৯৮৯ সালের সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’তে সালমান খানের অভিনয় দেখে চাঁদনী তার ভক্ত হয়ে উঠেন বলে জানান।