গত বছরের অক্টোবরে শুটিং শুরু হয়েছিল শাকিব খানের ‘সোলজার’ সিনেমার। সে সময় আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরেরই ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির দিন ঠিক হয় ২০২৬ সালের ডিসেম্বর।
সেই ডিসেম্বর আসতে আর বাকি মাত্র দেড় মাস, কিন্তু সিনেমাটির শুটিং এখনও শেষ হয়নি। বাকি রয়েছে ৯ দিনের কাজ। এই ৯ দিনের শুটিং নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, কয়েকবার শুটিংয়ের পরিকল্পনা করেও কাজ শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। তখন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান।
ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর শুটিং শুরুর কথা ছিল। তখনো হয়নি। এরপর ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান কিং খান। সেখানে প্রায় দুই মাস থাকার পর গত আগস্টে দেশে ফিরে ‘সোলজার’-এর বাকি অংশের শুটিং করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব হয়নি।
শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, ‘গত কয়েক বছরে শাকিব খানের কোনও ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই–তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।’
`সোলজার' সিনেমার শুটিং নতুন করে শুরু করতে না পারার পেছনে অধিকাংশ শিল্পী ও কলাকুশলীর সম্মানী বকেয়া থাকাও বড় কারণ বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে সিনেমার নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্মানীর যে কথা উঠেছে, এটা ভুল। শিল্পী–কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’
ছবির মুক্তি বিষয়ে তিনি বলেন, ‘শুটিং শেষ হলে মুক্তির তারিখ জানিয়ে টিজার প্রকাশ করা হবে। আশা করি কিছুদিনের মধ্যেই টিজার আসবে। সেখানে সিনেমাটি কবে মুক্তি পাবে, সেখানে তারিখ উল্লেখ থাকবে।’
শাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে। এ মাসের শেষে তার দেশে ফেরার কথা। নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু করতে পারেন আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’। এরপর ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর কাজ শুরু করার কথা রয়েছে।
এই দুই সিনেমার শুটিংয়ের ফাঁকে ‘সোলজার’-এর বাকি কাজ শেষ করার মতো সময় পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাবনা একেবারে নেই।