আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত পাঁচ শত টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন

পরীমণির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় কিছুটা উত্তেজিত হয়ে পড়েন পরীমণি। এ সময় তাকে ঘিরে ধরেন উৎসুক জনতা। এর মধ্যেই এক ব্যক্তির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরীমণির অভিযোগ, ওই ব্যক্তি তার গায়ে হাত দিয়েছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেন পাশের ওই ব্যক্তি।

গতকাল বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে জামিন বাতিল এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন মাহমুদ।