মহাকাশ নির্ভর চলচ্চিত্র নির্মাণের খবর দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। এবার জানালেন মহাকাশ যাত্রায় তার প্রথম সঙ্গীর খবর। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন নির্মাতা।
ক্যাপশনে অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে!’ একই ক্যাপশনে এই যোৗথযাত্রার কথা শেয়ার করেছেন শরিফুল রাজও।
‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশুর নতুন ‘লিম্বো’ হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র। আন্তর্জাতিক মানের নির্মাণের লক্ষ্যে তিনটি ভিন্ন দেশে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
শরিফুল রাজ বলেন, ‘অংশু ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা ছিল ‘ন ডরাই’। নিঃসন্দেহে তিনি একজন ক্রিয়েটিভ নির্মাতা। তার সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’
ভারতের ‘লাপাত্তা লেডিস’খ্যাত গল্প ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন।