নোবেল পুরস্কার গ্রহণে সুইডেন যাচ্ছেন না ডিলান

বব ডিলানসাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করতে সুইডেন যাবেন না বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান। দ্য সুইডিশ অ্যাকাডেমি বুধবার এ তথ্য জানিয়েছে। তবে ডিলান নোবেল পুরস্কার পেয়ে সম্মানীতবোধ করছেন অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, বব ডিলানের একটি ব্যক্তিগত চিঠি তারা পেয়েছেন। তাতে ডিলান জানিয়েছেন, আগামী মাসে সুইডেনে অনুষ্ঠিতব্য নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না। পূর্ব নির্ধারিত সূচি থাকার কারণে সুইডেন যাওয়ার ডিলানের পক্ষে সম্ভব হচ্ছে না।

অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করায় ডিলান সম্মানীত বোধ করছেন। স্বশরীরে নোবেল গ্রহণের ইচ্ছা আছে তার।

১৩ অক্টোবর সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। মার্কিন সংগীত ঐতিহ্যে ‘নতুন কাব্যিক ধারা’ সৃষ্টির স্বীকৃতি হিসেবে ডিলানকে এই পুরস্কারে ভূষিত করা হয় বলে তারা জানায়। তবে নোবেলপ্রাপ্তির পর থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি ডিলান। এতে গুঞ্জন রটে ডিলান নোবেল গ্রহণ করবেন না বলে। পরে ২৮ অক্টোবর নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, বব ডিলান টেলিফোন করে তাদের বলেছেন, সাহিত্যে নোবেল প্রাপ্তিতে তিনি সম্মানিত বোধ করেছেন এবং ওই পুরস্কার তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। তখনও সুইডেনে নোবেল পুরস্কার গ্রহণে তার উপস্থিতি অনিশ্চিত ছিল।

নোবেল প্রাপ্তি নিয়ে ডিলানের নিশ্চুপ থাকাকে ‘অভব্য আচরণ’ বলে সমালোচনা করেছিলেন নোবেল কমিটির এক সদস্য ।

/এএ/