নোলানের দ্য ওডিসিতে ব্রিটিশ-ভারতীয়, কে এই হিমেশ প্যাটেল

ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হোমারের অমর গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমায় ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন এবং লুপিতা ইয়ংও-র মতো তারকাদের মেলা বসেছে। তবে এই হেভিওয়েট তারকাদের ভিড়েও যিনি আলাদাভাবে সবার নজর কাড়ছেন, তিনি হলেন ব্রিটিশ-ভারতীয় অভিনেতা হিমেশ প্যাটেল। সিনেমায় তিনি ওডিসিউসের সেকেন্ড-ইন-কমান্ড ইউরিলোকাস চরিত্রে অভিনয় করেছেন।

১৯৯০ সালের ১৩ অক্টোবর ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে জন্ম নেওয়া হিমেশের বাবা-মা গুজরাটি বংশোদ্ভূত ভারতীয়, যারা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে অভিবাসী হন। ছাত্রাবস্থায় হিমেশ তার বাবা-মায়ের দোকানে কাজ করতেন এবং খবরের কাগজও বিলি করতেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি দারুণ ঝোঁক থাকায় স্থানীয় থিয়েটার গ্রুপে যোগ দেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে বিবিসি-র জনপ্রিয় সোপ অপেরা ‘ইস্টএন্ডার্স’-এ তামওয়ার মাসুদ চরিত্রে সুযোগ পান এবং ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত সেখানে নিয়মিত অভিনয় করেন।

ড্যানি বয়েলের ২০১৯ সালের মিউজিক্যাল কমেডি ‘ইয়েস্টারডে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রধান অভিনেতা হিসেবে অভিষেক হয় হিমেশের। সেখানে তিনি এমন একজন লড়াই করা সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি একদিন ঘুম থেকে উঠে দেখেন পৃথিবীর আর কেউ বিখ্যাত ‘দ্য বিটলস’ ব্যান্ডের গান মনে রাখেনি, কেবল তিনি ছাড়া। এরপর ২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার সিনেমা ‘টেনেক্ট’-এ মাহির চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো এই বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পান হিমেশ। ‘দ্য ওডিসি’ নোলানের সঙ্গে তার দ্বিতীয় কাজ।

নোলানের সিনেমা ছাড়াও হিমেশ প্যাটেল নেটফ্লিক্সের তারকাখচিত ‘ডোন্ট লুক আপ’, এইচবিও-র কমেডি সিরিজ ‘দ্য ফ্র্যাঞ্চাইজি’ এবং নেটফ্লিক্সের ‘এনোলা হোমস’ ফ্র্যাঞ্চাইজিতে ডক্টর জন ওয়াটসন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ‘স্টেশন ইলেভেন’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’, ‘দ্য অ্যাসেসমেন্ট’ এবং ‘গ্রিডি পিপল’-এর মতো আলোচিত প্রজেক্টেও তার শক্তিশালী উপস্থিতি ছিল।

সূত্র: এনডিটিভি