সোমবার (৯ নভেম্বর) ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে কারাদণ্ড পাওয়ার পর অভিনেতার বিরুদ্ধে নতুন করে আসা একাধিক অভিযোগ তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। এ তথ্য জানিয়েছেন রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে কথা বলেন গোয়েন্দা বিভাগের সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি। তিনি জানান, বিচার চলাকালে এবং রায় ঘোষণার পর পুলিশের কাছে বেশ কয়েকটি নতুন অভিযোগ ও তথ্য এসেছে।
ফারফি বলেন, ‘আমরা বর্তমানে এসব তথ্য যাচাই-বাছাই করছি। এগুলো আচরণসংক্রান্ত কোনও তথ্য, নাকি অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তাই আমাদের তদন্ত এখনও শেষ হয়নি।’
৫১ বছর বয়সী ব্র্যান্ডকে ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া যৌন নিপীড়নের তিনটি অভিযোগে যথাক্রমে ১৮ মাস, ৯ মাস ও ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে এসব সাজা একই সঙ্গে কার্যকর হবে।
২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে চার নারীর সঙ্গে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
অন্যদিকে সাজা ঘোষণার সময় আদালতে রাসেল ব্র্যান্ড কোনও প্রতিক্রিয়া দেখাননি। কারাগারে নেওয়ার আগে তিনি আদালতে উপস্থিত স্ত্রী লরা ব্র্যান্ডের দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে ‘আই লাভ ইউ’ বলেন।
সূত্র: বিবিস