আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সংগীতাঙ্গনে বইছে উৎসবের হাওয়া। এই উৎসবের আনন্দকে আরও রাঙিয়ে দিতে শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পীরা। এরই মধ্যে 'অসম সমীকরণ' শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার।
এটির কথা ও সুর করেছেন সংগীতশিল্পী অটামনাল মুন। গানটি শিল্পী তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।
গানটি প্রসঙ্গে মুক্তা মজুমদার বলেন, ‘গানটির কথা ও আবেগঘন সুর শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। পুজোর দিনগুলোকে আরও বেশি অর্থবহ ও রঙিন করে তুলবে বলে আশা করছি।’
এদিকে আগামী ১৪ অক্টোবর সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের কণ্ঠে প্রকাশ হবে রোমান্টিক গান ‘মায়াবী জ্যোৎস্না রাতে’। এই গানে নতুন মাত্রা যোগ করেছে সমরজিৎ রায় প্রতিষ্ঠিত ও পরিচালিত সঙ্গীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা।
সমরজিৎ ও প্রিয়াংকার কণ্ঠের মাধুর্যের সঙ্গে শিক্ষার্থীদের সম্মিলিত কোরাস ও সরগমের মনোমুগ্ধকর সমন্বয়ে গানটি পেয়েছে স্বতন্ত্র সুরের আবহ। সঞ্জয় রায়ের কথায় গানটির সুরারোপ, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়।
তিনি বলেন, ‘সুরছায়ার শিক্ষার্থীরা খুব যত্ন নিয়ে কোরাস ও সরগমের অংশগুলো গেয়েছে। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের একটি মৌলিক ও পেশাদার সঙ্গীত প্রযোজনায় যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। প্রিয়াংকা বরাবরের মতোই অসাধারণ গেয়েছেন।’
আইটিউনস, স্পটিফাইসহ আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘মায়াবী জ্যোৎস্না রাতে’। পাশাপাশি একই দিনে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটির মিউজিক ভিডিও।