‘তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন দেবশ্রী অন্তরা। শাকিব খানের ‘তুফান’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়। তবে এটির পর নতুন আর কোনও সিনেমায় গানে পাওয়া যায়নি তাকে।
গানের বাইরে অন্তরা অন্য পেশাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন বলে জানান।
তার ভাষ্য, ‘আমি ফুলটাইম সংগীত করি না। নিউজ পড়া, চাকরি, শিক্ষার্থীদের পড়ানোসহ বিভিন্ন কাজ করতে হয়। এসব সামলে গান করি।’
‘লাগে উড়াধুরা’ গানের আগে এ গায়িকাকে হাবিবের সঙ্গেও গাইতে দেখা যায় । ‘প্রেমে পড়া মন’ ও ‘মন বোঝে না’গান দুটিকে তিনি অন্তরা কণ্ঠ দেন।
সংগীতকে পূর্ণকালীন পেশা হিসেবে নিতে চান না কেন অন্তরা? তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিল্পীর নিয়মিত আয় নিশ্চিত করা কঠিন। প্রতিদিন কত টাকা আয় করতে হবে, ভাড়া বা বিল কিভাবে দেব, এমন চিন্তা মাথায় থাকলে মনের মতো গান করা কঠিন হয়ে যায়। সংগীত ভালোবাসা থেকে করতে চাই, আর্থিক চাপ থেকে নয়। তবে সংগীতকে পেশা হিসেবে নেওয়া খারাপ বলছি না। আয় ও শিল্পীসত্তার মধ্যে ভারসাম্য রাখা জরুরি।’
সম্প্রতি অন্তরার ‘হঠাৎ ঝুম’ ও ‘মায়ার বাজার’ শিরোনামে দুটি গান প্রকাশ হয়েছে। দুটি গান থেকেই শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।