নাট্যদল বটতলা’র নন্দিত নাটক ‘খনা’র ১০০তম মঞ্চায়ন উপলক্ষে দুই দিনব্যাপী বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব শুরু হল আজ। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১০-১১ এপ্রিল এ উৎসবে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।
নারী, শ্রেণি ও সমতার প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত ‘খনা’ নাটকটি পনেরশ বছর আগের আখ্যানকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তুলে ধরে। ২০১০ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একই প্রাঙ্গণে প্রথম মঞ্চায়নের মাধ্যমে যাত্রা শুরু করা এ প্রযোজনাটি গত ১৬ বছরে দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যকার মোহাম্মদ আলী হায়দার।
উৎসবের প্রথম দিন আজ (১০ এপ্রিল) ভোরে ‘উদয়ভানু সঙ্গ’ অধিবেশনের মাধ্যমে সূচনা হয় আয়োজনের। দিনব্যাপী যন্ত্রসংগীত, গান, ব্রতচারী ও ঐতিহ্যবাহী নৃত্য, আবৃত্তি এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন। পাশাপাশি রয়েছে মৃৎশিল্প কর্মশালা ‘মাটির পাঠশালা’ ও আর্ট ক্যাম্প ‘আঁকিবুকিতে বসন্ত’। দর্শনার্থীদের জন্য থাকছে পাপেট শো, লাঠিখেলা ও ধুয়া গান পরিবেশনা। এছাড়া প্রাকৃত সমাজের উদ্যোগে দেশীয় কৃষিপণ্য, কারুপণ্য, পোশাক ও বই নিয়ে বসবে মেলা।
সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, ‘খনা’র আলাপ শীর্ষক আলোচনা এবং একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হবে। দ্বিতীয় দিন (১১ এপ্রিল) সারাদিন মেলা চলমান থাকার পাশাপাশি সন্ধ্যায় মঞ্চস্থ হবে বহুল প্রতীক্ষিত ‘খনা’র ১০০তম প্রদর্শনী।
আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও নাট্যপ্রেমীদের অংশগ্রহণে পরিণত হবে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় এবং ‘খনা’র শততম মঞ্চায়ন নতুন উদ্দীপনা যোগাবে দেশের নাট্যচর্চায়।