‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা

স্কলাসটিকার উত্তরা ও মিরপুর শাখায় দুদিন ব্যাপী নাট্যানুষ্ঠান শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শেষ হয়েছে। দুটি শাখার এসটিএম মিলনায়তনে বার্ষিক এ বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অভিনয়শিল্পী ও কলাকুশলীসহ প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

স্কলাসটিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখার ড্রামা, ড্যান্স ও মিউজিক ক্লাবের উদ্যোগে মঞ্চস্থ হয় দ্য উইজার্ড অব অজ-এর কাহিনি ও চরিত্র অবলম্বনে নির্মিত সংগীতনির্ভর নাটক ‘উইকেড’।

কাজী তৌফিকুল ইসলামের পরিচালনায় ‘উইকেড’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে সারাহ সুমাইয়া হক (প্রজ্ঞা), জুবেরিয়া কবির, উনাইসা আফশিন, সেহরিশ বিনতে আসলাম, রাফিয়া ইসলাম আজহা, আবিশা আদলিন শাহরিয়া, আবিদা বিনতে হোসাইন ও সুবাইতাহ কাইনা আইজাসহ অন্য শিক্ষার্থীরা।

বাজনিন রহমানের চিত্রনাট্যে ও সার্বিক ব্যবস্থাপনায় নাটকটির সংগীত সমন্বয় করেন গাজী মুন্নাফ, পলাশ নাথের তত্ত্ববধানে আফরা নওয়ার ও জাওয়াদ রহমান প্রিয়ন।

দুদিনের প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফেরহাত আনোয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়াম্যান তামান্না রহমান।

এ ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং স্পর্শ ব্রেইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজিয়া জাবিন, চলচ্চিত্র নির্মাতা ও চরকি ‘র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এবং অভিনেতা রহমত আলী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ।

অপর দিকে স্কলাসটিকা মিরপুর শাখায় মঞ্চস্থ হয় চার্লস ডিকেন্সের কালজয়ী সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত নাটক ‘এ ক্রিসমাস ক্যারল’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সানি ঘোষ। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন তানজিলা মেঘলা, সংগীত পরিচালনায় সৈয়দ মেহরাজ কবির এবং কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনায় শাম্মী ইয়াসমিন ঝিনুক।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে বিন ইমিন খান রিদম, বিম্বিত বিভাবরী, নুজহাত তাসফিয়া ফেরদৌসী, আজরিন আরভ, নুহা নাজনীন, দিয়ান্থা সরকার আরুশি এবং নাসিবা আলম সোহি প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন ও তানিম নূর এবং অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা।

দুই দিনের এ নাট্য আয়োজনে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।