‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো

‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দীর চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর তৎকালীন প্রেমিক রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করেছিলেন অভিনেত্রীর বাবা-মা।

রাহুলের বিরুদ্ধে গত ১০ বছর ধরে এই মামলা চলছিল। অবশেষে ১০ বছর পর বম্বে হাই কোর্ট রাহুলকে নিয়ে তাদের রায় জানিয়েছে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রত্যুষার আত্মহত্যার মামলায় রাহুল রাজ সিংকে অব্যাহতি দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতি শিবকুমার ডিগের বেঞ্চ প্রত্যুষা ও রাহুলের মধ্যে হওয়া শেষ কথোপকথনকে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করেছে।

আদালতে রাহুলের হয়ে সওয়াল করেন আইনজীবী আবাদ পন্ডা ও শ্রেয়াংশ মিঠারে। তাদের যুক্তি ছিল, আত্মহত্যার আগে রাহুলের সঙ্গে কথোপকথনে প্রত্যুষা তার বাবা-মা-সহ একাধিক ব্যক্তিকে নিজের পরিস্থিতির জন্য দায়ী করেছিলেন। সেই কথোপকথনে রাহুল তাকে আত্মহত্যা না করার জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন আইনজীবীদের।

পাশাপাশি, এই মামলায় এফআইআর দায়ের করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

রাহুল রাজ সিংহকে ২০১৬ সালের জুলাই মাসে বম্বে হাই কোর্ট আগাম জামিন দিয়েছিল। অন্যদিকে, ২০১৮ সালে বাংগুর নগর পুলিশ চার্জশিট জমা দেওয়ার পর, তিনি সেশনস কোর্টে অভিযোগ থেকে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন জানান। ২০২৩ সালের আগস্ট মাসে সেশনস কোর্ট রাহুলের আবেদন খারিজ করে দেয়। সেশনস কোর্টে আবেদন খারিজ হওয়ার পর রাহুল বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন।

২০১৬ সালের ১ এপ্রিল মুম্বইয়ের গোড়েগাঁওয়ে নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।