শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’, সবগুলো সিনেমা এবার একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে। এ এক দারুণ ব্যপারই বটে!
সিনেমাগুলো ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চার সিনেমা নিয়ে চরকির এই আয়োজনের নাম দেয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন।
রোজার ঈদের তুমুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার পরিচালিত প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অবতারে হাজির হন শাকিব খান।
‘দাগি’ সিনেমার মাধ্যমে রোজার ঈদে বড় পর্দা কাঁপিয়েছেন নির্মাতা শিহাব শাহীন এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আলোচিত সিনেমাটি কোরবানি ঈদে ওটিটিতে দেখতে পারবেন দর্শকরা।
আফরান নিশো এ বিষয়ে বলেন, “এই ঈদে সিনেমা হলের আনন্দ হবে ঘরে বসেই। ‘দাগি’ আসছে চরকিতে। পরিবার নিয়ে ঘরে বসেই দেখুন সিনেমাটি।”
রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের কাঁদিয়েছে ‘জংলি’। পর্দায় জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক ইমোশনাল রোলারকোস্টারে।
অভিনেতা সিয়াম আহমেদ বলেন, “অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা নির্মিত হয়েছে। আমরা পুরোপুরি কমার্শিয়াল প্যাকেজিংয়ে ‘জংলি’ বানিয়েছি। সাধারণত ঈদের ছুটিতে সবাই পরিবারের সঙ্গে সময় কাটান, আনন্দ করেন। সেই আনন্দে এবার যুক্ত হতে পারে ‘জংলি’। আমার বিশ্বাস সিনেমাটি সবাইকে নতুন ভাবনার খোরাক দেবে। পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে সিনেমাটি।”
নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, “থ্রিলার ঘরানার সিনেমা ‘চক্কর ৩০২’। এখানে গল্প, রহস্য আর অভিনয় দারুণভাবে মিশে গেছে। দেশ-বিদেশে মোশাররফ করিমের ভক্তরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করেছেন। তারা আমাকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছেন সিনেমাটি দেখার আগ্রহের কথা। এবার আমি বলতে পারছি, আপনাদের অপেক্ষার অবসান হলো। সিনেমাটি দেখবেন এবং কেমন লাগলো জানাবেন।”
উল্লেখ্য, সিনেমা চারটি মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে চরকির ফেসবুক পেজে।