উপদেষ্টাদের প্রতি অভিনেতার খোলা চিঠি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা যাচাই বাছাই নিয়ে নানা তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। একেকজন একেক রকম তথ্য শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে,  মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

ছাত্র-ছাত্রীকে খুঁজে না পাওয়ার তথ্য নিজেদের ফেসবুকে শেয়ার করেছেন বেশকিছু অভিনেতা-অভিনেত্রী-অভিনেতা ও পরিচালকরা।

তবে শিক্ষার্থীদের খুঁজে না পাওয়ার খবরটি ভুল বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ২৩ জুলাই রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি এই দাবি করেন। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে, এমন কথাও পোস্টে উল্লেখ অরেন তিনি।

এদিকে ২৩ জুলাই সকালে ফারুকীকে উদ্দেশ্য করে আরশ খান সামাজিকমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘মাননীয় উপদেষ্টা, বিখ্যাত শিল্পী, পরিচালকগণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন উনারা মানুষ। তাদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তি কালে তারাও অস্থির হয়ে থাকেন। এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেয়া ইনফরমেশন সম্পূর্ণভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সাথে মিলছে না, তাই আমরা ধঁয়াশার মধ্যে আছি।’

এরপর আরশ লিখেছেন, ‘ভুলবসত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কিনা এসব তদন্ত পরে করে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে, আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেনো ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’

এর আগে উপদেষ্টা ফারুকী তার পোস্টে লেখেন, ‘আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘন্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন যার হেডিং ‘মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না’! তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশী শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে।’

এরপর তিনি লেখেন, ‘ভুয়া তথ‍্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এরকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক। মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন-এইসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বিমান বাহিনীর একটি বিমান উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলে দুই শতাধিক হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় একে একে ঝরে গেছে ৩২টি তাজা প্রাণ। গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেড় শতাধিক মানুষ। আহত-নিহতদের বেশিরভাগই শিশু।