শুটিং চলাকালীন আহত হয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
২৩ জুলাই সুনেরাহ নিজের ফেসবুক ওয়ালে ঘটনাটি শেয়ার করে লিখেছেন, ‘আজ একটি শুটিং চলাকালীন, পালানোর দৃশ্যে আমি হালকা স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং আমার হাঁটুতে আঘাত লাগে। আশা করি এটি খুব গুরুতর নয়। আমাকে আপনার প্রার্থনায় রাখুন যাতে আমি এই ব্যস্ত সময়ে ঠিকভাবে কাজ করতে পারি এবং আমার দায়িত্ব পালন করতে পারি। আমি চাই না যে, আমার কারণে কারও কাজের ক্ষতি হোক। আশা করি, আপাতত ব্যথানাশক ওষুধ আমাকে সুস্থ করে তুলবে।’
উল্লেখ্য, সুনেরাহ অভিনীত ‘উৎসব’ সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। সেখানে সিনেমার অন্যান্য অভিনেতাদের সঙ্গে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়।