আফরান নিশো মানেই অভিনয়ের দুর্দান্ত জাদু আর লাগামহীন গতিতে ছুটে আসা সংলাপের ঝাঁঝালো বাণ! আরও একবার এই অভিনেতা হাজির স্বরূপে। ‘আকা’ সিরিজের ট্রেলারে দেখা গেল এক দুর্ধর্ষ আফরান নিশোকে যার কাছে খুন করাও একটা শিল্প!
ট্রেলারের শুরুতেই ভেসে আসে এক নারী কণ্ঠস্বর। এই নারী কথকের কণ্ঠে বর্ণনা শুরু হয় এভাবে-‘সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’
ট্রেলারে দেখা গেছে নিশো আর মাসুমা নাবিলার মিষ্টি প্রেমের একটু মুহূর্ত। সেখানে নিশোকে বলতে শোনা যায়, ‘মানুষের দেহ মরে, প্রেম মরে না।’
এরপর খুনের দৃশ্যের সাথে সাথে এই অভিনেতার কণ্ঠ বলে যায়, ‘খুন করাও একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনও অংশে কম না।’
বলা প্রয়োজন, ২৫ আগস্ট মুক্তি পেয়েছে ‘আকা’র ট্রেলার। এদিন সন্ধ্যায় হইচই-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রকাশিত হয়েছে দুই মিনিটের এই ট্রেলারটি।
৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পাবে ‘আকা’। রহস্য, মানবিক সম্পর্কের টানাপোড়েন এবং টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
তিনি বলেন, “আকা’-র মাধ্যমে আমি আসলে দর্শকদের সাথে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারবো।”
সিরিজের প্রধান চরিত্র অর্থাৎ আকার চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন তিনি।
ট্রেলার মুক্তির পর মিডিয়ায় দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মন্তব্য করছেন যে, নিশোকে নতুন আঙ্গিকে দেখা যাবে এই সিরিজে।
এদিকে, নাবিলা এই সিরিজে উপস্থিত হয়েছেন মেঘা চরিত্রে। মেঘা একজন দৃঢ়চেতা নারী চরিত্র। সাহসী, তেজী আর আত্মমর্যাদাবোধ সম্পন্ন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা যার মধ্যে রয়েছে।
নাবিলা বলেন, “আকা’ দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেইলারটা দর্শক পছন্দ করবেন সেই সাথে আমাদের কাজটাও।”