প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। এবার শৈশবের মজার একটি ঘটনা সামনে আনলেন অভিনেত্রী।

তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন বলে জানান তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শৈশবের সেই ঘটনা নিয়ে কথা বলেন প্রভা।

প্রথম প্রেমের সেই প্রস্তাবে সাড়া দেওয়া তো দূরের কথা, মায়ের ভয়ে চিঠিটিই ছিঁড়ে ফেলেছিলেন তিনি। প্রভা বলেন, “ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল, সে-ও মনে হয় সেভেন-এইটে পড়তো। সে-ও ছোটই ছিল। চিঠি পাওয়ার পর ভীষণ ভয় পেয়েছিলাম। আমার শুধু মনে হচ্ছিল, আম্মু মারবে। তাই সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।’

চিঠির কোনো জবাব দিয়েছিলেন কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘না, একদমই না। ওই ছেলেটিও পরে আর যোগাযোগ করেনি। আমাদের আর কখনও দেখাও হয়নি।’

কথার একপর্যায়ে উঠে আসে প্রভার ছোটবেলার পারিবারিক শাসনের প্রসঙ্গ। পরিবার থেকে শাসন করতো কি না, এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘ছোটবেলা থেকে শুধু শাসনই করতো। এটা এখনো করে থাকে। আমি ভাত না খেলেও মা বকা দিতেন। আর এখন বেশি খেলে বলবেন, এত খেয়ো না, মোটা হয়ে যাবে।’