একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে লিলির কয়েকটি বিজ্ঞাপন দিয়ে ভীষণ জনপ্রিয়তা পান এ গ্ল্যামারকন্যা।
বর্তমানে নাটক-বিজ্ঞাপনে কোথাও নেই তিনি। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মোনালিসা।
প্রায় ১০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন বলে জানান তিনি। কী করছেন সেখানে জানতে চাইলে মোনালিসা বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রে টম ফোর্ড বিউটির ম্যানেজার হিসেবে কাজ করছি। এছাড়া এখানকার একটি ব্যাংকের কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্বে আছি।’
বিজ্ঞাপনে জনপ্রিয়তা পাওয়ার মোনালিসা প্রথম অভিনয় করেন ‘কাগজের ফুল’ নাটকে। নাটকটি পরিচালনা করেন অরুণ চৌধুরী। এতে নায়ক ছিলেন মাহফুজ আহমেদ।
সেই সময়ের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে মোনালিসা বলেন, ‘প্রচণ্ড জনপ্রিয়তা পাওয়ার পর বাসার ঠিকানায় শত শত চিঠি আসতো। চিঠি আমার তেমন একটা পড়া হতো না। বেশিরভাগ চিঠিতে প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো। ভক্তরা বাসার ঠিকানায় শাড়ি উপহার পাঠাতেন। ফুলও পাঠাতেন। কখনো জন্মদিনে, আবার কখনো এমনিতেই এসব উপহার পাঠাতেন।’
তিনি আরও বলেন, ‘রাস্তায় বের হলেই অনেকেই বলতেন, ‘ওই যে মোনালিসা যাচ্ছে।’’