৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। গত ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন তিনি। ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন। আগামী ২৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ৭৫তম মিস ইউনিভার্সের নতুন বিজয়ীর নাম।
জেনে নেওয়া যাক, ‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি…
মাহি জানান, প্রতিদিনই তাকে প্রস্তুতি নিতে হচ্ছে। শুধু শারীরিক প্রস্তুতি নয়, নিজেকে মানসিকভাবেও প্রস্তুত রাখতে হচ্ছে তার। এছাড়া প্রতিদিন তাকে রিহার্সাল, স্টেজ প্র্যাকটিস, ইন্টারভিউ, বিভিন্ন ইভেন্ট এবং স্পনসরদের কার্যক্রমে অংশ নিতে হচ্ছে।
প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠতে হয় তাকে। মেকআপ ও রেডি হতে প্রায় দেড় ঘণ্টা। ভোর সাড়ে ৫টার মধ্যে নিচে নেমে ব্রেকফাস্ট করে সাড়ে ৬টার মধ্যে বাসে উঠতে হয় অভিনেত্রীকে।
সবকিছু শেষ করে মাহির হোটেলে ফিরতে ফিরতে রাত ১২টা। পরদিনের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে, গোসল করে ঘুমাতে যেতে যেতে ১টা–দেড়টা হয়ে যায়।
ঘুমানোর জন্য মাহির দুই থেকে তিন ঘণ্টা সময় থাকে।
২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি।২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন মাহি।‘গার্লস স্কোয়াড’ দিয়ে পরিচিতি পান তিনি।