২০২৬ সালের মিস ইউনিভার্স গ্র্যান্ড ফিনালে বাংলাদেশের সময় অনুযায়ী ২৫ নভেম্বর (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টা) সকাল ৭টায় শুরু হবে। এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি।
এর মধ্যে মাহি জানলেন, সেরা ১৫-তে আছেন। আজকের দিনের পরেই জানা যাবে কী অপেক্ষা করছে মাহির ভাগ্যে।
ফাইনালের আগে নিজের অবস্থান নিয়ে কী মনে হচ্ছে, এমন প্রশ্ন করতেই মাহি বললেন, ‘ভেরি টাফ। জানি না কী অপেক্ষা করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অসাধারণ সব প্রতিযোগী আছেন। আশা তো করতে পারি। বাকিটা চূড়ান্ত পর্বের পারফরম্যান্সে বোঝা যাবে।’
মাহির কথাতেই বোঝা যায়, প্রতিযোগিতাটি কতটা কঠিন। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও প্রস্তুত প্রতিযোগীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে। তবে ফাইনালের আগে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু অভিজ্ঞতাও হয়েছে তার। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগটিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
‘মিস ইউনিভার্স’-এর ন্যাশনাল কস্টিউম পর্বে রবিবার (২২ নভেম্বর) ‘মাদারহুড: এ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমের অনন্য এক পোশাক উপস্থাপন করেন মাহি। সেখানে তিনি মায়ের চিরন্তন ভালোবাসা আর বাংলার ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরেন। এই থিমের জন্য নেটিজেনদের প্রশংসা কুড়ান অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে মাহি বলেন, ‘আমার পারফরম্যান্সের পর আপনাদের কাছ থেকে যে অসাধারণ ভালোবাসা, প্রশংসা ও সমর্থন পেয়েছি তা সত্যিই আমাকে আবেগাপ্লুত করেছে। বিশ্বের এত বড় একটি মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত।’
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য গত ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন মাহি। ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন।