সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি

৭৫তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। বাংলাদেশের সময় অনুযায়ী বুধবার (২৫ নভেম্বর) (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা) সকাল ৬টায় অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স গ্র্যান্ড ফিনালে।

পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের মাহি। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সেই অবস্থান। সেরা ৩০ থেকে বাদ পড়েছেন তিনি।

ছবি: ফেসবুক থেকে

তবে এ পর্যন্ত আসতে পেরে সবার কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।

বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে চেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি।’

ছবি: ফেসবুক থেকে

তিনি আরও বলেন, ‘আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’

প্রত্যাশা পূরণ করতে না পেরে এ মডেল কন্যা দু:খ প্রকাশ করেন। তার ভাষ্য, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না বলেও পোস্টে মাহি উল্লেখ করেন। তার কথায়, তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই।

ছবি: ফেসবুক থেকে

মাহি বলেন, ‘কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

সবশেষে মাহি জানান, বাংলাদেশ তার পরিচয়, বাংলাদেশ তার গর্ব। সবার ভালোবাসা নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। তাকে বিশ্বাস করার জন্য এবং পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছেন তিনি।