সাবমেরিন থেকে ফের সফলভাবে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। আর্কটিক অঞ্চলে সামরিক মহড়া চালানোর সময় দেশটি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে শনিবার প্রকাশিত ফুটেজে দেখা গেছে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন সাভেরোদভিনস্ক থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে। আরখানগেলেস্ক উপকূলের একটি লক্ষ্যবস্তুতে এস-এন-সিজলার ক্রুজ ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হানে।
রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের প্রায় ২০টি যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নিয়েছে বলে রুশ সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। মেরু সাগর ব্যারেন্টসে এ মহড়া অনুষ্ঠিত হয়।
শব্দের চেয়ে দ্রুত গতির বা সুপারসনিক কালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে সাগর বা ভূমির যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এছাড়া, যুদ্ধজাহাজ বা সাবমেরিন ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো সম্ভব। তুলনামূলকভাবে আকারে ছোট হওয়ায় সাবমেরিন এবং ছোট যুদ্ধজাহাজ থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রচলিত এবং পরমাণু অস্ত্র উভয়ই বহনে সক্ষম। সূত্র: স্পুটনিক।
/এমপি/