বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ছয় মাসের শিশু জীবিত উদ্ধার

উদ্ধার হওয়া ছয় মাসের শিশুকেনিয়ার নাইরোবিতে প্রবল বর্ষণে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ার চারদিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় ছয় মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে কোনও আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি। এ ঘটনাকে অলৌকিক বলে মনে করছেন অনেকে।
সম্প্রতি ভারি বর্ষণের পর ছয় তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়লে ২৩ জনের মৃত্যু হয়। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হলেও তাদের জীবিত উদ্ধারের আশা ক্রমশ ফুরিয়ে আসছে। এমন অবস্থায় মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয় ছয় মাসের শিশুটি।
নাইরোবিতে ধসে পড়া ভবন
কেনিয়ান রেড ক্রস থেকে জানানো হয়েছে স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে ডিয়ালেরিন সাইসি ওয়াসি নামের ওই শিশুকে উদ্ধার করা হয়। এরইমধ্যে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুটার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি উল্লেখ করে রেড ক্রস আরও জানিয়েছে শিশুটিকে দেখে পানিশূন্যতায় ভুগছে বলে মনে হয়েছে। আর সেকারণে তাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ১৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৯৩ জন নিখোঁজ রয়েছেন। বিবিসির সংবাদদাতা ইমানুয়েল ইগুনজা চারদিন পর ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধারের ঘটনাকে অলৌকিক বলে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/