বিবিসি প্রতিবেদককে বহিষ্কার করলো উত্তর কোরিয়া

বিবিসি প্রতিবেদক রুপার্ট উইংফিল্ড-হেইজ এবং তার দলকে উত্তর কোরিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের করা প্রতিবেদনের ভিত্তিতে আটক করার পর তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়।

উইংফিল্ড-হেইজকে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, মুক্তির সময় তাকে একটি লিখিত বিবৃতিতেও সাক্ষর করতে হয়।

উইংফিল্ড-হেইজ ছাড়াও প্রতিবেদনের প্রযোজক মারিয়া বার্নি ও চিত্রগ্রাহক ম্যাথিও গদারদকেও আটক করা হয়। পরে তাদের বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়।

বিবিসি প্রতিবেদক রুপার্ট উইংফিল্ড-হেইজ

এ প্রসঙ্গে বিবিসির এক মুখপাত্র বলেন, ‘এটা অত্যন্ত হতাশাজনক যে আমাদের প্রতিবেদক উইংফিল্ড-হেইজ ও তার দলের সদস্যদের উত্তর কোরিয়া থেকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আরও চার সংবাদকর্মীকে উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়। আশা করি তারা তাদের প্রতিবেদনের কাজ সম্পন্ন করে ফিরতে পারবেন।’    

আরও পড়ুন: ‘আক্রান্ত না হলে’ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না উ. কোরিয়া' 

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সম্মেলন ওয়ার্কার্স পার্টি কংগ্রেসের অনুষ্ঠানের প্রতিবেদন করতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পক্ষ থেকে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন এই সাংবাদিকরা।

সূত্রঃ বিবিসি

/ইউআর/