পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর অপহৃত ছেলে আফগানিস্তানে উদ্ধার

আলি হায়দার গিলানিঅপহরণের তিন বছর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলি হায়দার গিলানিকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার,গজনি প্রদেশে মার্কিন ও আফগান বাহিনীর এক যৌথ অভিযানের মধ্য দিয়ে তাকে উদ্ধার করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।
টুইটারে দেওয়া এক পোস্টে পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোও হায়দার গিলানি উদ্ধার হওয়ার খবর নিশ্চিত করেছেন। 
আরও পড়ুন: ট্রাম্পের নিষেধাজ্ঞায় নাম থাকবে না যে মুসলমানের
ইউসুফ রাজা গিলানির ছেলে হায়দার গিলানি
২০১৩ সালের ৯ মে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে গোলাগুলির পর সন্দেহভাজন তালেবান সদস্যরা হায়দার গিলানিকে অপহরণ করেন। জাতীয় নির্বাচনের ঠিক দুইদিন আগে অপহৃত হন তিনি। ওই নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন হায়দার। কয়েকজন বন্দুকধারী মোটরবাইক থেকে গুলি ছোড়ার পর একটি কালো গাড়িতে করে তাকে তুলে নিয়ে যান। সে সময় হায়দারের সহকারি ও দেহরক্ষী নিহত  এবং ৪ জন আহত হন।
গত বছরের মে-তে বাবা ইউসুফ রাজা গিলানিকে ফোন করতে সক্ষম হন হায়দার।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইউসুফ রাজা গিলানি। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/