সুইফট নেটওয়ার্ক হ্যাক হয়নি, এবার বললেন প্রধান নির্বাহী

হ্যাকিংয়ের প্রতিকী ছবিএবার সুইফটের প্রধান নির্বাহী গটফ্রাইড লিব্রান্ডিট দাবি করেছেন, সুইফটের পেমেন্ট নেটওয়ার্ক হ্যাক করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়নি। এ ধরনের চুরি আর হবে না এমন নিশ্চয়তা দিতেও রাজি নন তিনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে সাইবার ডাকাতি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলে এতদিন সুইফট কর্তৃপক্ষ দাবি করে আসলেও দ্বিতীয় ব্যাংকে হামলার ঘটনায় বৈশ্বিক সংগঠনটির নেটওয়ার্কের নিরাপত্তার প্রশ্নটি জোরালো হয়ে উঠেছে। তবে সুইফট কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে আন্তঃব্যাংক লেনদেনে মূল যে মেসেজিং সিস্টেম ব্যবহার করা হয়, তা ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি।
সে ধারাবাহিকতায় এবার সুইফটের প্রধান নির্বাহী গটফ্রাইড লিব্রান্ডিটও দাবি করলেন সুইফটের নেটওয়ার্ক হ্যাক করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়নি।
ফ্রাঙ্কফুর্টে এক কনফারেন্সে গটফ্রাইড বলেন, ‘আমাদের নেটওয়ার্ক সিস্টেম বিঘ্নিত হয়নি। আমাদের ধারণামতে এটি গ্রাহকের জালিয়াতি। আমি মনে করি না এটিই প্রথম ঘটনা। আবার এও মনে করি না যে এটিই শেষ ঘটনা।’
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৯৫১ মিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। পরে বেশ কিছু পেমেন্ট বন্ধ করে দিয়ে বেশিরভাগ অর্থচুরি ঠেকানো গেলেও ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হন হ্যাকাররা। ওই অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সূত্র: রয়টার্স

/এফইউ/বিএ/