শ্রীলঙ্কায় ভূমিধসের কবলে পড়া দেড় শতাধিক মানুষকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৩৪ জন। তারা বেঁচে নেই বলে ধারণা করছে সেনাবাহিনী।
বুধবার মুষলধারায় বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মাটির তলায় চাপা পড়া ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়াও আরেকটি স্থান থেকে উদ্ধার করা হয় পাঁচটি মৃতদেহ।
এই ভূমিধসে এখনও পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এ ছাড়াও এই দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩ লক্ষ ৫০ হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে আরণ্যক জেলা। ওই জেলার অন্তত তিনটি গ্রাম মাটির তলায় চাপা পড়ে গেছে।
শ্রীলঙ্কার সেনাবাহিনীর মেজর জেনারেল সুধান্ত রানাসিংঘে বলেন, ‘আমার ধারণা এই নিখোঁজ ১৩৪ জনও ইতোমধ্যে নিহত হয়ে থাকতে পারেন। কিন্তু আমরা আমাদের উদ্ধার কাজ চালিয়ে যাব যেন অন্তত মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করতে পারি।’
আরও পড়ুন: ইকুয়েডরে ফের ৬.৭ মাত্রার ভূমিকম্প
তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যপকভাবে ব্যহত হচ্ছে।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় বর্ষাকালে প্রায়শই বন্যা হয়ে থাকে, তবে কর্তৃপক্ষ জানায়, এ বছরের মতো বন্যা ও ভূমিধস গত কয়েক বছরে হয়নি। পাহাড়ের ভাঙ্গা অংশে বৃষ্টির পানির প্রবল তোড়ে আবারও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/