থাইল্যান্ডের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৮

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে মেয়েদের একটি স্কুলের ডরমিটরিতে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। রবিবার (২২ মে) স্থানীয় সময় রাত ১১টায় অগ্নিকাণ্ডটি ঘটে বলে জানা গেছে। এখনও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

আগুন নেভানোর চেষ্টা

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চিয়াং রাই শহরের পিতাকিয়াতওইত্তায়া স্কুলের ডরমিটরিতে ওই অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩৮ জন শিক্ষার্থী ছিল। শিক্ষার্থীদের সবার বয়স ৫ থেকে ১৩ বছরের মধ্যে। আগুন লাগার সময় তাদের অনেকেই তখন ঘুমাচ্ছিল।

দমকল কর্মী সাওয়াং মমদি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে। বাকি ২০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচ জন আহত। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমরা জানালা দিয়ে সবাইকে উদ্ধার করার চেষ্টা করেছিলাম, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

নিহতদের মরদেহ সনাক্তকরণের জন্য হাসপাতালে রাখা হয়েছে।  

উদ্ধার কাজ চলছে

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুইতলা ওই ভবনটিতে লাগা আগুন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

এখনও পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা দেখা হচ্ছে।’

শহরের ডেপুটি গভর্নর আরকম সুকাপান বলেন, ‘আগুন লাগার সময় কিছু শিক্ষার্থী জেগে ছিল, তারা আগুনের হাত থেকে বেঁচে যায়। তবে তখন অনেকেই ঘুমিয়ে ছিল, তাদের নিহতের সংখ্যাও বেশি।’

ওই স্কুলটিতে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ১৪২ জন শিক্ষার্থী পড়ছে। তাদের মধ্যে অতিদরিদ্র ৬০ শতাংশ শিক্ষার্থীকেই বিনা বেতনে পড়ানো হয় এবং খ্রিষ্টীয় চ্যারিটির সহায়তায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 
মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের নিন্দা

দুর্ভিক্ষের মুখে আফ্রিকার ৫ কোটি মানুষ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/বিএ/