বিকল্প আয়ের উৎস খুঁজছে সৌদি আরব

বৈশ্বিক তেলের বাজারে ধস নামার পর থেকেই বিকল্প আয়ের উৎস খুঁজেছে তেলনির্ভর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প আয়ের উৎস খুঁজতে ধর্মীয় পর্যটনের উপর জোর দিচ্ছে তারা। দেশটি এই খাতে বেশ কিছু সংস্কারের ঘোষণাও দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং বিজনেস নিউজ ওয়ার্ল্ড এর খবরে এসব কথা বলা হয়েছে।
noname

ওই দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় পর্যটন খাতকে উদ্ধুব্ধ করতে ধর্মীয় কারণে যারা সৌদি আরবে যেতে চান, তাদের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। বিশেষ করে যারা মক্কা ও মদিনায় যাবেন, তারা সেখানে থাকার মেয়াদও বাড়াতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে সৌদি আরবের মোট দেশজ উৎপাদনের মাত্র ২.৭ শতাংশ আসে পর্যটন খাত থেকে। এর বেশিরভাগই আসে ধর্মীয় পর্যটন খাত থেকে। হজ এবং ওমরাহ হজ থেকে সৌদি আরবের বাৎসরিক আয় ১২ হাজার কোটি ডলার। বিবিসি বলছে, আগামী চার বছরে এই আয় ২০ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চায় সৌদি আরব। আর এ বছর ওমরাহ হজ করতে আশি লাখ মানুষ আসবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তারা তিন কোটিতে নিয়ে যেতে চান।

noname

সৌদি পর্যটন ও ঐতিহ্য কমিশনের প্রধান, প্রিন্স সুলতান বিন সালমান বলেন, ‘সৌদি আরবের অন্যান্য যেসব প্রাচীন স্থান রয়েছে, সেগুলোও যাতে ভ্রমণকারীরা যেতে উৎসাহিত হন, সেই ব্যাপারেও আমরা গুরুত্ব দিচ্ছি।’

noname

এখন ধর্মীয় কারণে আসা পর্যটকদেরও কড়াকড়ির মধ্যে পড়তে হয়। তবে নতুন নিয়মনীতি অনুসারে, এসব কড়াকড়ি অনেক শিথিল করা হবে। এ কথা মাথায় রেখে মক্কা ও মদিনা থেকে সৌদি আরবের অন্যান্য শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বড় ধরণের কয়েকটি প্রকল্পও শুরু হয়েছে। সূত্র: বিবিসি, বিজনেস নিউজ ওয়ার্ল্ড

/বিএ/