কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ মে) প্রধানমন্ত্রীর উপহার ২০ কেজি পদ্মার ইলিশ ভারতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর কাছে সেই ইলিশ পৌঁছে দেবেন শেখ হাসিনার প্রতিনিধিরা।
শুক্রবার রেড রোডে মমতার শপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০-এ বাংলাদেশ বিমানে করে হাসিনার উপহার কলকাতায় পৌঁছবে। উপ-দূতাবাসের প্রতিনিধিরা তা নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে আজ রাতেই (বৃহস্পতিবার) নাকি শপথের দিন সকালে তা নিয়ে যাওয়া হবে, তা চূড়ান্ত হয়নি। নিজস্ব সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, শপথের সকালেই ইলিশ পৌঁছনোর সম্ভাবনা বেশি। সূত্র: আনন্দবাজার পত্রিকা
/বিএ/