বর্ষবরণ উৎসবের স্টাইলে জার্মানিতে আবারও যৌন নিপীড়ন, অভিযোগ ১৮ নারীর

শনিবার তিন নারী যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেনবর্ষবরণের অনুষ্ঠানে চালানো যৌন নিপীড়নের স্টাইল অনুসরণ করে জার্মানিতে এবার এক সঙ্গীত উৎসবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ১৮ জন নারী তাদের অভিযোগে নিপীড়িত হওয়ার কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট খবরটি নিশ্চিত করেছে।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, বর্ষবরণের ঘটনার মতো করেই নতুন এই যৌন নিপীড়নের ঘটনাতেও অভিবাসীদের দায়ী করা হচ্ছে। সঙ্গীত উৎসবে যৌন নিপীড়নে জড়িত সন্দেহে এরইমধ্যে ২৮ থেকে ৩১ বছর বয়সী তিন পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীকে গ্রেফতার করা হয়েছে। আরও তিন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জার্মানির পুলিশ জানায়, শুরুতে শনিবার ডার্মসটাডিট স্কলসগ্র্যাববেনফেস্ট সঙ্গীত উৎসবে তিন নারী যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন। তারা বলেন, তিনজন যখন জড়ো হয়ে গল্প করছিলেন তখন এক দল লোক এসে তাদের ঘিরে ফেলে এবং যৌন নিপীড়ন চালায়।
মঙ্গলবার ওই উৎসবে একই কায়দায় নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন আরও ১৫ জন নারী। এ ধরনের অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তারা পাকিস্তান থেকে আসা অভিবাসন প্রত্যাশী। তাদের সবার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করা হয়েছে। আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে।
কোলনের যৌন নিপীড়নের ঘটনার পর ব্যাপক আন্দোলন হয়
এর আগে গত ৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে স্বাগত জানাতে কোলন সিটি সেন্টার ও এর আশেপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের ওপর যৌন নিপীড়ন চালায় বলে অভিযোগ ওঠে। কোলন ছাড়াও হামবুর্গ আর স্টুটগার্ট শহরেও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

প্রায় ১ হাজার নারী ওই ঘটনায় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন। নিপীড়নকারী হিসেবে তখন অভিবাসীদের দায়ী করা হয়েছিল। সূত্র: ইন্ডিপেনডেন্ট

/এফইউ/বিএ/