আইএসের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলিউডের গান!

আইএস সদস্যরালিবিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সদস্যদের বিরুদ্ধে মানসিক অস্ত্র হিসেবে এবার বলিউডের গানকে বেছে নিয়েছে ব্রিটিশ বিশেষ বাহিনী। পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার পরামর্শের ভিত্তিতে বলিউডের গানকে হাতিয়ার বানানো হয়েছে। ওই কর্মকর্তার দাবি, বলিউডের সঙ্গীত আইএসকে বিরক্ত করে তুলবে। কেননা, সঙ্গীতকে অনৈসলামিক বলে বিবেচনা করা হয়ে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই খবরটি নিশ্চিত করেছে।
জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড (জেএসওসি) এর অংশ হিসেবে লিবিয়ার সেনা সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ বাহিনী। সিরতে শহর এবং লিবীয় উপকূলের আশপাশের এলাকা থেকে কিভাবে আইএসকে হটাতে হবে সে ব্যাপারে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওই ব্রিটিশ বাহিনীতেই নিয়োজিত রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক। তিনিই বুদ্ধি দিয়েছেন আইএসের বিরুদ্ধে অস্ত্র হিসেবে বলিউডের গান ব্যবহার করার জন্য।
লিবিয়ায় আইএসর বিরুদ্ধে অস্ত্র হিসেবে বলিউডের সঙ্গীত ব্যবহার করা হচ্ছে
লিবিয়ার উপকূলীয় এলাকা সিরতেকে ২০ মাস ধরে দখল করে রেখেছে আইএস। ওই অঞ্চলটিতে প্রায় ৪ হাজার বিদ্রোহীর বসবাস। সিরতের ভেতরে পশ্চিমা নিয়ম-কানুনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং শরিয়া আইন আরোপ করা হয়েছে। আর সেখানে বলিউডের সঙ্গীতের সুর পৌঁছানো গেলে তা আইএসের সদস্যদের জন্য বিরক্তির উদ্রেক করবে বলেই মনে করা হচ্ছে।
ডেইলি মিরর জানিয়েছে, সশস্ত্র সংগঠনটির বিভিন্ন ঘাঁটির কাছাকাছি বলিউড সঙ্গীত বাজানো হবে। সিরতে এলাকার কাছে এরইমধ্যে বলিউডের গান বাজে এমন দুটি গাড়ি মোতায়েন করেছে ব্রিটিশ ও লিবিয়ান সেনা সদস্যরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘বলিউডের সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে আইএস সদস্যদের বিরক্ত করে তোলার পাশাপাশি তা সংগঠনটির সদস্যদের গোপন আস্তানা খুঁজে বের করার ক্ষেত্রেও সহায়তা করছে। কেননা, সঙ্গীত সম্পর্কে অভিযোগ জানিয়ে আইএস যখন রেডিওতে কোনও ঘোষণা দেয় তখন তাদের অবস্থান শনাক্ত করা সহজ হয়।' সূত্র: এনডিটিভি, পিটিআই

/এফইউ/