বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বের প্রতিশ্রুতি ছিলো চোরাচালান ও অনুপ্রবেশ আটকাতে আসামে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করা। জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামের করিমগঞ্জ জেলার সীমান্ত পরিদর্শনে গিয়ে বলেছিলেন, চলতি বছরের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করা হবে। আর বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল মে মাসে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে থাকা আসাম রাজ্যের সীমান্ত বন্ধ করে দেবে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুই বছরের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সময় বেঁধে দিয়েছেন। আমরা ওই সময়ের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধের কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করব। নদী-সীমান্তও এর বাইরে থাকবে না।’ সেই ধারাবাহিকতায় এবার কাজ শেষ করার নির্দিষ্ট দিনক্ষণ বেধে দেওয়া হলো।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরকে (বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম) নিরাশ করেনি আসামবাসী। সেই কারণে ক্ষমতায় ফিরতেই প্রতিশ্রুতি পালনের প্রথম ধাপ সেরে ফেলল ভারতীয় জনতা পার্টি।
উল্লেখ্য, ভারতের সাথে বাংলাদেশের মোট সীমানা ৪০৯৬ কিলোমিটার। এর মধ্যে আসামের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রায় ২৮৪ কিলোমিটার। যার ২২৩.৭ কিলোমিটারে এইরমধ্যে কাটাতারের বেড়া দেওয়া আছে। বাকি রয়েছে ৬০.৭ কিলোমিটার সীমান্ত। টাইমস অব ইন্ডিয়ার খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, সেই সম্পূর্ণ অংশটি ২০১৭ সালের জুন মাসের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ওই ৬০.৭ কিলোমিটারের মধ্যে ১১. ৯ ভাগে বেড়া দেওয়া হবে। বাকী ৪৮.৮ শতাংশ অঞ্চল নদী সংলগ্ন হওয়ায় তাতে সরাসরি বেড়া দেওয়া সম্ভব নয়। ওই অঞ্চলগুলো লেজার ওয়ালের মতো প্রযুক্তির মাধ্যমে পরোক্ষভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সেনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবক সরকারি বিবৃতি জারি করে সীমান্ত ‘সিল’ করে দেয়ার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ কিছু সময় লাগবে। এক বছর সময়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন:
সীমান্তে ১৯৪ একর জমির মালিকানা নিশ্চিত, সীমান্ত খুঁটি স্থাপন শিগগিরই
দুই বছরের মধ্যে বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত!
আসাম সীমান্তে কাঁটাতারের কাজ শেষ হবে চলতি বছরেই: রাজনাথ
/বিএ/