ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার জওহরবাগ এলাকার দখল হয়ে যাওয়া পার্ক থেকে দখলদারদের উচ্ছেদ শুরু করে পুলিশ। কিন্তু ‘আজাদ ভারত বিধিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ নামে যে গোষ্ঠী জমি দখল করে রেখেছিল, তারা সরে যেতে অস্বীকার করে। পুলিশের ওপর প্রথমে পাথর ছোড়ে, তারপর গুলি ছুড়তে শুরু করে তারা। ছোড়া হয় হ্যান্ড গ্রেনেড আর বোমাও।
বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছুড়ে। এক পর্যায়ে গুলিও ছোড়া হয়। সে সময় হতাহত হন বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের গুলিতে প্রাণ হারান এসপি (সিটি) মুকুল দ্বিবেদী ও স্থানীয় ফারাহ পুলিশ স্টেশনের কর্মী সন্তোষ কুমার। পরে বিক্ষোভকারীদের নেতা রামবৃক্ষ যাদবকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় প্রায় ৪০০ বিক্ষোভকারীকে।
দুবছরের বেশি সময় ধরে বাবা জয় গুরুদেব নামে একটি সংস্থার কর্মীরা ‘আজাদ ভারত বিধিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ নামে দল গঠন করে ধর্মরক্ষার কথা বলে জওহরবাগের কয়েকশো একর জমি দখল করে রেখেছিল। এক জনস্বার্থ মামলার জেরে হাইকোর্টের রায় হাতে নিয়ে তাদের উচ্ছেদ করতে যায় পুলিশ। তারপরেই এ সংঘর্ষ হয়। সূত্র: এনডিটিভি, বিবিসি, এবিপি আনন্দ
/এফইউ/