পাকিস্তানে ফের সংগঠিত হচ্ছে আল-কায়েদা

আল-কায়েদার জ্যেষ্ঠ নেতারা করাচি ছাড়ার পাঁচ বছর পর পাকিস্তানের ওই বন্দর নগরীটিতে সম্প্রতি নতুন করে সংগঠিত হচ্ছে সংগঠনটি। করাচির সন্ত্রাসবাদবিরোধী বাহিনীর এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আল-কায়েদাকে নতুন আঙ্গিকে গড়ে তোলা হচ্ছে।

করাচিতে গ্রেফতার হওয়া অভিযুক্ত আল-কায়েদা নেতা নাইম বোখারি

আল-কায়েদার প্রধান নেতা আইমান আল-জাওয়াহিরি ২০১৪ সালে সংগঠনটির ভারতীয় শাখা গঠন করেন। যার নাম দেওয়া হয় আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)। প্রথমদিকে, মার্কিন ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল একিউআইএস। তাই তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিপরীতে শক্ত অবস্থান গড়ে তুলতে পারেনি।

একিউআইএস গঠনের মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে সদস্য নিয়োগ করা এবং অন্যান্য কাছাকাছি মতাদর্শের সশস্ত্র সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া। এফএটিএ রিসার্চ সেন্টার-এর নির্বাহী কর্মকর্তা সাইফুল্লাহ মেহসুদ জানিয়েছেন, ‘আল-কায়েদা আবার ফিরে আসছে। তবে ভিন্ন রূপে, অনেক স্থানীয়করণের মধ্য দিয়ে।’

আল-কায়েদা তাদের কর্মী সংগ্রহের জন্য স্থানীয় মাদ্রাসাগুলোকেই লক্ষ্যে রেখেছে। আর এ নিয়ে পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটছে প্রায় নিয়মিতই।

নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা জানান, ‘আল-কায়েদার জ্যেষ্ঠ নেতাদের এখন আর তেমন একটা দেখা যায় না। তবে তাদের নির্দেশেই চলছে সংগঠনটি।’

অপর এক কর্মকর্তা বলেন, ‘আল-কায়েদা সম্ভবত বড় কিছু করার পরিকল্পনা করছে। তবে তাদের লক্ষ্য পাকিস্তান, দক্ষিণ এশিয়ার কোনও দেশ, নাকি পশ্চিমের কোনও দেশ সে সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না।’  

উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসনের পতনের পর আল-কায়েদা পাকিস্তানের করাচি এবং আশেপাশের অঞ্চলে আশ্রয় নেয়।   

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

/এসএ/