দিল্লিতে ফের আটক কানহাইয়া কুমার

কানহাইয়া কুমারপাটনা আর্টস কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিরুদ্ধে বিক্ষোভ করার সময় আবারও আটক হলেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শুক্রবার বিহার ভবন থেকে কানহাইয়াসহ আরও ৪২ জনকে আটক করে দিল্লি পুলিশ। তবে তাদের গ্রেফতার করা হবে কিনা তা জানানো হয়নি।
পাটনা কলেজের শিক্ষার্ধীদের ওপর ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার জেএনইউ-এর অন্য শিক্ষার্থীরাসহ এক বিক্ষোভে অংশ নেন কানহাইয়া। তারা পাটনা কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন এবং চলমান পরীক্ষাগুলো বাতিল করে নতুন করে শুরু করার দাবি জানান।
কানহাইয়ার অভিযোগ, বিহারের শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষার্থীদের দাবিগুলোকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।  
পরে কানহাইয়াসহ ৪২ জনকে আটক করা হয়।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে আফজাল গুরুর সমর্থনে আয়োজিত বিতর্কিত কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে গ্রেফতার করে পুলিশ। পরে তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন দিল্লির হাইকোর্ট। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/