ইউরো ফুটবল-২০১৬ চলাকালে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে, এমন খবরের ভিত্তিতে ওই সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়। সারারাত ধরে ব্রাসেলসের আশেপাশে ১৬ টি মিউনিসিপালিটিতে চালানো এ অভিযানে ১২ জনকে আটক করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আটক করা হয়েছিল এমন নয়জনকে তদন্তকারী সংস্থা ছেড়ে দিয়েছে। যে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে তাদের নাম সামির সি, মুস্তাফা বি এবং জাওয়াদ বি। এছাড়া অভিযানের সময় অন্তত ৪০ জনকে জেরা করা হয়েছে।
এদিকে, শনিবার (১৮ জুন) প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বেলজিয়াম সরকারের নিরাপত্তা কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, ইউরো-২০১৬ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। তবে খেলার সময়সূচী অপরিবর্তিত থাকবে।
জনসাধারণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণের আহ্বান জানান মিশেল।
এর আগে বেলজিয়ামের মিডিয়ার খবরে বলা হয়েছিল যে, ব্রাসেলসে ফুটবল সমর্থকদের ওপর ইসলামি জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে।
উল্লেখ্য, গত ২২ মার্চ ব্রাসেলসে এয়ারপোর্টে এবং মেট্রো স্টেশনে বোমা হামলায় ৩২জন নিহত হয়েছিল। সূত্র: বিবিসি
/এফইউ/