সিউলে ভারতের বিষয়ে কথা বলবে না চীন

পরমাণু সরবরাহকারী আন্তর্জাতিক গোষ্ঠী বা এনএসজি-তে ভারতের অন্তভূক্তির বিষয়ে সিউল সম্মেলনে কোনও কথা বলতে নারাজ চীন। দিল্লির তৎপরতা সত্ত্বেও বেইজিংয়ের সমর্থন পাওয়া এখনও অনেক দূর বলেই মনে হচ্ছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিংয়ের দাবি, এই বিষয়টি বৈঠকের তালিকায় নেই। তিনি বলেন, ‘যে সব দেশ পরমাণু অস্ত্র প্রসাররোধ চুক্তি (এনপিটি)-তে স্বাক্ষরকারী নয়, তাদের অন্তর্ভুক্তি নিয়ে এনএসজি-তে ঐকমত্য হয়নি। তাই বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলে আমরা মনে করি না।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এনপিটি-তে স্বাক্ষরকারী নয়, এমন দেশগুলি এনএসজি-র সদস্য হতে পারে কিনা তা নিয়ে আগে অন্য পর্যায়ে যথাযথ আলোচনা প্রয়োজন। ঐকমত্য হলেই কেবল এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

ভারতীয় কূটনীতিকরা জানিয়েছেন, ২৩-২৪ জুন এনএসজি-র প্লেনারির চূড়ান্ত পর্বে ভারতের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নাও হতে পারে। কিন্তু ভারতের প্রতি তাদের সমর্থনের কথা জানাতে পারে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘প্লেনারির কর্মসূচিতে বিষয়টি না থাকা নিয়ে বেজিংয়ের কথা সত্যি হতে পারে। কিন্তু এসব ক্ষেত্রে ব্যতিক্রমও হয়। তাই এখনই এ নিয়ে জল্পনা করা উচিত নয়।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ

সাউথ ব্লক সূত্রে জানা গেছে, ২৪ জুন পররাষ্ট্রসচিবকে সিউল পাঠানো যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে ভারত। ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি সিউল বৈঠকের কর্মসূচিতে রয়েছে বলে দিল্লিকে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তবে এ নিয়ে এখনও সরকারিভাবে কোনও মন্তব্য করেনি তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপও বলছেন, ‘যে বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে তা এখনও হয়নি। সেখানে কী ঘটে তার জন্য অপেক্ষা করতে হবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, সঙ্গে পররাষ্ট্র সচিব এস জয়শংকরএর আগে আগেই অনেকটা গোপনে বেইজিং সফর করে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর। ওই সফরের পরই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, চীন ভারতের বিরোধিতা করছে না।
গোটা বিশ্বে পরমাণু জ্বালানি ও প্রযুক্তির বাণিজ্য নিয়ন্ত্রণ করে যে ৪৮ দেশের সংগঠন, সেই এনএসজি-র ২৩টি সদস্য দেশের সঙ্গে ভারতের কথা হয়েছে বলে সুষমা স্বরাজ জানিয়েছেন। তিনি আরও জানান, ২১টি দেশই ভারতকে সমর্থন করতে প্রস্তুত। ২টি দেশের তরফে কিছু প্রশ্ন রয়েছে।
তখন চীন প্রসঙ্গে সুষমা স্বরাজ বলেন, ‘চীন ভারতের সদস্যপদের বিরোধিতা করছে না, চীন কিছু পদ্ধতিগত বিষয়ের কথা তুলে ধরেছে।’ তিনি আরও বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ ভারত এনএসজি-র সদস্যপদ পাচ্ছে বলে আমরা আশা করছি।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
আরও পড়ুন: 

ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি বামপন্থীরা অনশনে

‘তিস্তা চুক্তি নিয়ে মমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের’

সর্বোচ্চ শিয়া আলেমের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন

/এসএ/