এনএসজিতে প্রবেশে বাধা: চীনকে দোষারোপ ভারতের

চীনের বিরুদ্ধে পরমাণু সরবরাহ গোষ্ঠীতে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ করেছে দিল্লি। ভারতের সদস্য হওয়ার বিষয়টি নিয়ে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে এনএসজি’র সদস্যদের বৈঠকে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মূলত চীনের প্রবল বিরোধিতায় ৪৮ সদস্যের এ সংগঠনে ভারতের সদস্যপদ ঝুলে যায় বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভারত ৪৮ সদস্যের পরমাণু সরবরাহ গোষ্ঠীর (এনএসজি) সদস্য হতে চায়। এনএসজি পারমাণবিক অস্ত্র বিস্তার করতে পারে এমন প্রযুক্তি বিনিময়ের বিরোধিতা করে।

দিল্লি বিশ্বাস করে, এনএসজিতে অন্তর্ভূক্ত হলে দেশটি স্বল্পমূল্যে পরিবেশবান্ধব জ্বালানি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সুফল আসবে।

চীন ও ভারতের পতাকা

ভারতের সদস্যপদের ক্ষেত্রে সহায়তার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বোঝানোর ব্যাপক চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত সেটা দৃশ্যত কোনও কাজে আসেনি। বেইজিং তার অবস্থানে অনঢ় রয়েছে।

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) ভারত স্বাক্ষর করেনি। তাই দেশটিকে সদস্যপদ দেওয়া যাবে না এই যুক্তি তুলে ধরে ভারতের এনপিটি সদস্যপদের বিরোধিতা করছে চীন। এ বিরোধিতায় চীনের সঙ্গে শামিল হয়েছে অন্তত ১০টি দেশ। যদিও ভারতের সদস্যপদের বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ, ফ্রান্সসহ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশের সমর্থন ছিল।

শুক্রবারের বৈঠকে সুইজারল্যান্ড তাদের অবস্থান পরিবর্তন করে। এর আগে ভারতের প্রতি সমর্থন দিলেও এদিন তারাও ভারতের এনপিটি সদস্যপদের বিরোধিতা করে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/