চীনা কমিউনিস্ট পার্টির সাময়িকী উপ-সম্পাদকের আত্মহত্যা

ঝু তাইঝিচীনে কমিউনিস্ট পার্টির শীর্ষ তাত্ত্বিক সাময়িকী কুইশি’র উপ-সম্পাদক ঝু তাইঝি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইয়াহু এ খবর জানিয়েছে।

এর ফলে চীনে রাজনৈতিক অন্তর্দন্দ্ব, চিন্তার স্বাধীনতা ও দুর্নীতি নিয়ে ছড়ানো গুজব আরও ডালপালা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দলের তাত্ত্বিক বিষয়ে প্রবন্ধ লিখে খ্যাতি পাওয়া ঝু তাইঝি (৫৬) ম্যাগাজিনটির গ্যারেজে আত্মহত্যা করেন। তিনি কুইশি’র ডেপুটি এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নাম প্রকাশে ঝু তাইঝি’র এক বন্ধুর বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম কাইজিন জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সংস্কারপন্থী ও রক্ষণশীল একাডেমিকদের মধ্যকার আদর্শিক দ্বন্দ্বের কারণে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে কর্তৃপক্ষ দল ও বৃহত্তর সমাজের মধ্যকার বিতর্কের জন্য তেমন কোনও সুযোগ রাখেনি কিংবা একটা কঠোর অবস্থা বজায় রেখেছে। কিন্তু ঝু বিশ্বাস করতেন, একজন জ্ঞানী ব্যক্তিকে অবশ্যই তার সততা বজায় রাখার, চিন্তাভাবনার স্বাধীন উপায় এবং সুচিন্তিত মতামতের সুযোগ দিতে হবে। সূত্র: ইয়াহু।

/এমপি/