ইজিপ্ট এয়ারের বিমানে ধোঁয়া শনাক্ত হয়েছিল, বলছে ব্ল্যাকবক্সও

ভূমধ্যসাগর থেকে ব্ল্যাকবক্স দুটি উদ্ধার করা হয়৬৬ আরোহী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের বিমানটি যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট আগে সেখানকার টয়লেটে ধোঁয়া সৃষ্টি হয় বলে শুরু থেকেই ধারণা করা হচ্ছিল। এয়ারবাসটির এয়ারক্রাফট কমিউনিকেশন অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম (এসিএআরএস) থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সেসময়ই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন ধারণার কথা জানানো হয়েছিল। এবার বিমানের ব্ল্যাকবক্স থেকেও একইরকম তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন মিসরীয় তদন্তকারীরা।
তারা জানান, ফ্লাইট ডাটা রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে সেখানকার টয়লেটে এবং ককপিটের নিচের দিকে ধোঁয়া শনাক্ত হয়েছিল। ধোঁয়া শনাক্ত হওয়ার সংকেত দিয়ে একটি স্বয়ংক্রিয় ইলেক্ট্রনিক বার্তাও দেওয়া হয়েছিল বিমান থেকে। সেই বার্তার সঙ্গে রেকর্ডারের তথ্যের সামঞ্জস্য রয়েছে বলে নিশ্চিত করেন তদন্তকারীরা।
তবে এখনও বিমানের আরেকটি ব্ল্যাকবক্স অর্থাৎ ককপিট রেকর্ডারটি বিশ্লেষণ করা যায়নি। প্যারিসে ব্ল্যাকবক্সটি সংস্কারের কাজ চলছে।
গত ১৯ মে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬ আরোহী নিয়ে ইজিপ্ট এয়ারের বিমানটি নিখোঁজ হয়। এর পর বিমানের সন্ধানে ভূমধ্যসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। চলতি মাসের শুরুর দিকে অনুসন্ধানকারী দলগুলো বিমানের একটি ব্ল্যাকবক্স থেকে সংকেত পাওয়ার দাবি করে। জুনের মাঝামাঝি সময়ে ভূমধ্যসাগরের ৩ হাজার মিটার গভীর থেকে বিমানের দুটি ব্ল্যাকবক্সই উদ্ধার করা হয়।

তবে এখন পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। তদন্তকারীরা বলছেন, বিমানের ধ্বংসাবশেষে উচ্চ মাত্রার তাপজনিত ত্রুটি শনাক্ত করা হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/