সার্বিয়ায় ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

জেড.এস. নামের ওই সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছেসার্বিয়ার উত্তরাঞ্চলের একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২ জুলাই) দেশটির রাজধানী বেলগ্রেডের ৮০ কিলোমিটার উত্তরের জিতিস্তে নামক গ্রামে স্থানীয় একটি অনুষ্ঠান চলাকালে ওই হামলা চালানো হয়। জেড.এস. নামের এক সন্দেহভাজন রাইফেল হাতে ক্যাফে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালান বলে জানা গেছে। ওই সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবোসা স্তেফানোভিচ স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে জানান, ওই ক্যাফেতে হামলার আগে সন্দেহভাজন জেড.এস. তার প্রাক্তন স্ত্রী এবং অপর এক নারীকেও হত্যা করেন। তিনি তার বৈধ উপায়ে কেনা একটি রাইফেল দিয়ে ওই হামলা চালিয়েছেন বলে স্তেফানোভিচ জানান। তিনি বলেন, ‘সম্ভবত হিংসাই ওই হামলার কারণ। তিনি (সন্দেহভাজন হামলাকারী) ছিলেন এক শান্ত প্রকৃতির মানুষ, এর পূর্বে তার কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ডও ছিল না।’  

হামলার পর ক্যাফেটি ঘিরে রাখে পুলিশ  
ওই ক্যাফের নিকটবর্তী জ্রেজানিন শহরের একটি হাসপাতালের পরিচালক গর্দানা কজলোভাচকি জানিয়েছেন, গুলিবিদ্ধ ২২ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবারের হামলার ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটা বড় গোলাগুলির ঘটনাগুলোর একটি। তিন বছর আগে বেলগ্রেডের নিকটবর্তী একটি গ্রামের গোলাগুলির ঘটনায় ১৩ জন নিহত হন। গত বছর সার্বিয়ার উত্তরাঞ্চলে এক বিয়েতে এমনই এক ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

সূত্র: রয়টার্স।

/এসএ/