শোকে স্তব্ধ ফ্রান্স, সংকট উত্তরণের উপায় খুঁজতে জরুরি বৈঠক

শ্রদ্ধা নিবেদন চলছেফ্রান্সের নিস শহরে বাস্তিল উৎসব চলাকালে ট্রাক হামলায় নিহতদের স্মরণে শনিবার থেকে তিনদিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সঙ্গে সংকট উত্তরণজনিত বৈঠকে বসতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে নিসের পরিস্থিতি মোকাবেলায় কী কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে পর্যালোচনা করবেন ওলাঁদ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। আতঙ্কিত লোকজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি,ওই ট্রাক চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৮৪ জন নিহত হন, আহত হন ২০২ জন।  তার মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক।  নিহতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে।
এরইমধ্যে  ট্রাক চালককে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তিনি তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। তার নাম মোহাম্মদ লাহৌআইজ বৌহলেল। বয়স ৩১ বছর। পুলিশ সূত্র এবং ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দুইদিন আগে নিস শহরের পার্শ্ববর্তী সেইন্ট-লঁরা-দু-ভার থেকে ট্রাকটি ভাড়া করেন চালক।

তিউনিসিয়ার নিরাপত্তাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৌহলেল প্রায়ই তিউনিসিয়ায় আসা-যাওয়া করতেন।  সর্বশেষ আট মাস আগেও তিনি দেশটিতে গিয়েছিলেন তিনি।

ভয়াবহ এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারই জরুরি বৈঠকে বসেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। বৈঠকের পর তিনি জানান, ট্রাক হামলার ঘটনায় নিহতদের স্মরণে শনিবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। 

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ এমন একটি হুমকি যার জন্য ফ্রান্সকে ব্যাপক ভুগতে হচ্ছে। সন্ত্রাসীদের উদ্দেশ্য হলো ভয় আর আতঙ্ক ছড়ানো। কিন্তু ফ্রান্স সুদৃঢ় গণতন্ত্রের দেশ। এটি নিজেকে অস্থিতিশীল হতে দেবে না।’

এর আগে ট্রাক হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে চলমান রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। শুক্রবার সকালে টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। গত বছর নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি আছে। সে জরুরি অবস্থা তিন দফা বাড়িয়ে তা ২৬ জুলাই পর্যন্ত করা হয়। কিন্তু সে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার আগেই বাস্তিল দিবসে হামলার প্রেক্ষাপটে আবারও তিন মাসের জন্য তা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।  সূত্র: বিবিসি, আল জাজিরা

/এফইউ/