উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। আতঙ্কিত লোকজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি,ওই ট্রাক চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৮৪ জন নিহত হন, আহত হন ২০২ জন। নিহতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে।
শুক্রবার ট্রাক চালক বৌহলেলকে শনাক্ত করে পুলিশ। তিনি তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই দিন আগে বৌহলেলকে হামলাস্থলে গাড়ি চালাতে দেখা গেছে। তিনি গভীরভাবে জায়গাটি পর্যবেক্ষণ করছিলেন। ইউরোপ ওয়ান রেডিও জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তাকে ওই অবস্থায় শনাক্ত করা হয়েছে।
মোহাম্মদ লাহৌআইজ বৌহলেলের বয়স ৩১ বছর। পুলিশ সূত্র এবং ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দুইদিন আগে নিস শহরের পার্শ্ববর্তী সেইন্ট-লঁরা-দু-ভার থেকে ট্রাকটি ভাড়া করেন চালক। তিউনিসিয়ার নিরাপত্তাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৌহলেল প্রায়ই তিউনিসিয়ায় আসা-যাওয়া করত। সর্বশেষ আট মাস আগেও তিনি দেশটিতে গিয়েছিল ওই চালক।
নিস শহরে হামলার ঘটনায় নতুন করে এক পুরুষ ও এক নারী সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ফ্রান্সের বিচারিক সূত্রের বরাত দিয়ে রবিবার খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ নিয়ে নিস হামলায় জড়িত সন্দেহে আটকের সংখ্যা সাতে দাঁড়িয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়,নিস হামলায় জড়িত সন্দেহে শুক্রবার একজনকে এবং শনিবার সকালে চারজনকে গ্রেফতার করা হয়। আর রবিবার আরও দুজনকে গ্রেফতারের খবর জানানো হলো।
এদিকে ফ্রান্সজুড়ে নিরাপত্তা জোরদারের জন্য ১ লাখ ২০ হাজার পুলিশ ও সেনা সদস্যদের পাশাপাশি ১২ হাজার রিজার্ভ পুলিশকে যোগ দিতে বলা হয়েছে। সেইসঙ্গে যেসব ফরাসি দেশের সুরক্ষায় কাজ করতে চান তাদেরকে রিজার্ভ পুলিশে যোগ দিয়ে সীমান্ত রক্ষায় কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড কেজেনুভে। সূত্র: বিবিসি
/এফইউ/