জিহাদি হুমকিতে রিও অলিম্পিক

christ-the-redeemer-statue-rio-de-janeiro-brazil

২০১৬ রিও অলিম্পিক গেমসে একাধিক জিহাদি হামলার হুমকি শনাক্ত করার কথা জানিয়েছে  ব্রাজিলের গোয়েন্দা সংস্থা। সেইসব হুমকির মাত্রা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।  জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটেও অলিম্পিক গেমসে জঙ্গি হামলার হুমকির খবর প্রকাশ করা হয়েছে।

ব্রাজিলের গোয়েন্দা সংস্থা জানায়, ‘বেশ কিছু হুমকির আভাস পাওয়া গেলেও এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পর্কে ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে।’

এদিকে, সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে একটি জঙ্গি গোষ্ঠী অলিম্পিক গেমসে হামলার হুমকি দিয়েছে। হামলা পরিকল্পনার বিস্তারিত বিবরণও প্রকাশ করেছে তারা।

সাইট আরও জানায়, ‘বিশ্বাসীদের প্রেরণা’ দেওয়ার জন্যই এই হামলা পরিকল্পনার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে বিশ্বের যে কোনও প্রান্ত থেকেই যে কোনও আত্মঘাতী হামলাকারী ব্রাজিলে চলে যেতে পারে।’ তাতে আরও জানানো হয়, ইতোমধ্যে রিওএলডব্লিউ হ্যাশট্যাগ দিয়ে প্রচারণাও শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: ইউক্রেনে গাড়ি বোমার বিস্ফোরণে বেলারুশের সাংবাদিক নিহত

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, ব্রাজিলে এর আগে কোনও জঙ্গি তৎপরতার নজির নেই। রিওতে যে ধরনের জঙ্গি হামলার হুমকি আসছে তা ব্যক্তিক উদ্যোগে পরিচালিত বা ‘লোন উলফ’ ধরনের হামলা।        

এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের আন্তর্জাতিক নিরাপত্তা পরিচালক সজ্জন গোহেল বলেন, ‘এই উদ্বেগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। তবে ব্রাজিল কর্তৃপক্ষ সধ্যমত চেষ্টা করছে বলে আমাদের আস্থা রয়েছে।’

এদিকে, ব্রাজিলের গোয়েন্দা সংস্থা জানিয়েছে তারা স্থানীয় গোয়েন্দা কর্মকর্তা ছাড়াও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদানের মাধ্যমে সন্ত্রাসবাদ দমনের চেষ্টা করছেন।

সূত্র: সিএনএন

/ইউআর/