ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম কেইনকে বেছে নিলেন হিলারি

হিলারি ক্লিনটন ও টিম কেইনআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার রানিংমেট হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে বেছে নিয়েছেন। শুক্রবার রাতে টুইটারে টিম কেইনের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন তিনি। শনিবার হিলারি আনুষ্ঠানিকভাবে টিম কেইনের নাম ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।  
কেইনকে সমর্থন জানিয়ে টুইটারে হিলারি লিখেছেন, 'আমি টিম কেইনকে আমার রানিংমেট হিসেবে ঘোষণা দিতে পেরে সত্যিই উচ্ছ্বসিত। উনি এমন এক ব্যক্তি যিনি অন্যের জন্য তার নিজের জীবন উৎসর্গ করছেন।'
জবাবে টিম কেইন টুইটারে লিখেছেন, 'এইমাত্র আমি হিলারির ফোন পেলাম। তার রানিংমেট হতে পেরে গর্বিত। আগামিকাল মিয়ামিতে দায়িত্ব শুরুর জন্য তর সইছে না।'

৫৮ বছর বয়সী টিম কেইন অবাধ বাণিজ্যচুক্তির সমর্থনকারী উদারপন্থী রাজনীতিক। ব্যক্তিগতভাবে গর্ভপাতবিরোধী হলেও গর্ভপাতের অধিকারকে সমর্থন করেন তিনি। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার এলাকা ভার্জিনিয়া খুব গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, ভার্জিনিয়ায় সিনেটর নির্বাচনে রিপাবলিকানদের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্প্যানিশ ভাষায় পারদর্শী এই সিনেটর  বিপুল সংখ্যক হিস্পানিক ভোটারকে ডেমোক্র্যাটদের পক্ষে আনতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি, সিএনএন

/এফইউ/