ম্যাক্সভরস্টাডিট এলাকায় বসবাস করতেন ওই সন্দেহভাজন হামলাকারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সী ওই হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে বন্দুক হামলা সংক্রান্ত কয়েকটি সংবাদপত্র কাটিং ও বই উদ্ধার করেছে পুলিশ। সংবাদপত্রের কাটিংগুলোর মধ্যে ‘হোয়াই ডু স্টুডেন্টস কিল?’ নামের একটি আর্টিকেলও রয়েছে।
তদন্ত কর্মকর্তারা বলছেন, হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার সঙ্গে আইএসের সংযোগ থাকার আলামত পাওয়া যায়নি। তিনি ইসলামি উগ্রপন্থা দ্বারাও প্রভাবিত ছিলেন না বলে মনে করা হচ্ছে।
পুলিশের মুখপাত্র পিটার বেক বলেন, ‘ঠিক কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তারা কোনও পরিষ্কার ধারণা পাননি। এক্ষেত্রে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি’।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের একটি রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলা চালায় বন্দুকধারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৯ জনকে হত্যার পর আত্মহত্যা করেন ১৮ বছর বয়সী বন্দুকধারী। সবমিলে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মিউনিখে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিউনিখ কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি, গার্ডিয়ান
/এফইউ/